বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা সামছুদ্দিন শেখ হেলালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী-সন্তানকেও মামলার আসামি করা হয়েছে।  

গতকাল দুদক বগুড়া কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে তিনটি মামলা করেন। তিনটি মামলায় আলাদাভাবে আসামি করা হয়েছে সামছুদ্দিন শেখ হেলাল, তার স্ত্রী হেলেনা পারভীন ও ছেলে হোসাইন হাবীবকে।

দুদক বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, একটি মামলায় হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এছাড়া আর ১ কোটি ২ লাখ টাকারও বেশি সম্পদ তার দ্বিতীয় স্ত্রী আবে জম জম ওরফে নাজীর কাছে স্থানান্তরের অভিযোগ করা হয়েছে দুদকের মামলায়।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে হেলালের প্রথম স্ত্রী হেলেনা পারভিনকে। মামলায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে একই দিনে মামলা করা হয়।

তৃতীয় মামলা করা হয়েছে হেলালের ছেলে হোসাইন হাবীবের বিরুদ্ধে। মামলায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে একই দিনে মামলাটি দায়ের করা হয়।