দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় মেহেরপুর, রাজধানীর পল্টন, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও জয়পুরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মেহেরপুর: দুই মোটরসাইকেলের সংঘর্ষে জনস্বাস্থ্য প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী এবং আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাবু মীরের ছেলে। লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানা বাড়িতে বসবাস করতেন আকমল। মাহফুজুর রহমানের বাড়িও মেহেরপুর জেলায়। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ঢাকা: রাজধানীর পল্টন এলাকার গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মাজেদা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাজেদা বেগমের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি মৃত দ্বীন ইসলামের মেয়ে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সিলেট: ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের (৪০) বাড়ি বরিশাল জেলায়। তিনি সিলেটে এসিআই কোম্পানিতে চাকরি করতেন।

বরিশাল: জেলার বানারীপাড়া বাসটার্মিনালে নিজের বাসের চাপায় হৃদয় (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক জগলু হাওলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বানারীপাড়া টার্মিনালে পার্ক করছিল। বাসের হেলপার হৃদয় বাস থেকে নেমে পার্কিংয়ে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। এ সময় চালকের ভুলে বাসের নিচে চাপা পড়েন হৃদয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা: জেলার দেবিদ্বারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

নারায়ণগঞ্জ: গাড়িচাপায় ইমাম হোসেন আদর (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন আদর ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার আমির হোসেন খন্দকারের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

জয়পুরহাট: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নূর বানু নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার বামনগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক সৌরভ (২১)। স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ওসি জাহিদ হোসেন।

নিহত নূর বানু বগুড়া সদরের রজাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। আহত সৌরভ তার ভাতিজা ও শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সৌরভের মোটরসাইকেলে জয়পুরহাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি।