দিনাজপুরের হিলিতে বাড়ির কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইয়াসিন আরাফাত নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় হিলির আলিহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত ওই গ্রামের মৃত আছর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার মনসাপুর গ্রামের মাদ্রাসাসংলগ্ন এরশাদ নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণকাজ চলছে। সেই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিল ইয়াসিন আরাফাত। শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে ছাদের ওপরে থাকা নিজের পরনের জ্যাকেট নিতে গেলে অসাবধানতাবসত সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে আহত হন। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আলিহাটে ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










