তাদের অভিযোগ, বৃষ্টির অজুহাত দেখিয়ে কাঁচামরিচের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে বাজারে মরিচের সরবরাহ কমেছে। এতে মরিচের দাম বেড়ে গেছে।

গতকাল সকালে বগুড়া মহানগরের রাজাবাজারে কাঁচামরিচ প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া সবজির দামও বেড়েছে।

রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায়, বর্ষা মৌসুমের অজুহাতে সবজির দাম বেড়েছে ২০-৪০ টাকা কেজি। শুধু আলু ও পেঁপের দাম বাড়েনি। বাজারে বেগুন কেজিপ্রতি ১০০-১২০ টাকা, পটোল ৬০-৭০, ঢেঁড়স ৭০-৮০, চিচিঙ্গা ৬০-৭০, কচুরমুখী ৬০, ঝিঙা ৭০, বরবটি ৫০, কাঁকরোল ৭০, করলা ৭০, গাজর ১২০, পেঁয়াজ ৬০-৭০, লাউ ৫০, মুলা ৪০, পেঁপে ৩০, আলু ২৫-৩৫ ও কাঁচামরিচ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, জেলার সবচেয়ে বড় পাইকারি হাট মহাস্থানে কাঁচামরিচ সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা মণ বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রতি কেজি মরিচের দাম ৩০০ টাকা। এছাড়া পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। বগুড়া রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানান, বাজারে মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বগুড়ায় বৃষ্টি বেশি হওয়ার কারণে গ্রামে খেত ডুবে আছে। চাহিদামতো ফলন পাওয়া যাচ্ছে না।