পুলিশ রিমান্ডে থাকা এহসান গ্রুপের এমডি মুফতি রাগীব আহসান ও তার তিন ভাই মাওলানা আবুল বাশার, মো. খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসানের বিরুদ্ধে আরো চারটি প্রতারণার মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার পিরোজপুৃর সদর থানায় এসব মামলা করা হয়। এ নিয়ে  রাগীব আহসান ও তার তিন ভাইয়ের নামে মোট পাঁচটি মামলা হলো। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান মিলু বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গতকাল পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার মো. হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় ২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। একই দিনে সদর উপজেলার শিকারপুর এলাকার মো. আব্দুল মালেক ২ লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলা করেছেন মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মো. মনির। তিনি ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগ আনেন। এছাড়া একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন বাদি হয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মুফতি রাগীব ও তার তিন ভাইকে সোমবার আদালতে পাঠানো হয়। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল্যা আজাদ হোসেন জানান, গতকাল থেকে তাদের পুলিশ হেফাজতে এনে আমরা মামলার রহস্য উদঘাটন এবং এই বিষয়ে আরো কারা কারা জড়িত আছেন সে বিষয়ে জানান চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সুবিচার পাবেন বলেও আশ্বাস দেন তিনি।