তৈরি পোশাক প্রস্তুতের জন্য কাঁচামাল হিসেবে সুতা, কাপড় এবং এগুলো রঙ করার রাসায়নিক দ্রব্য আমদানি করে দেশের পোশাক খাতের রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো। ক্রয়াদেশপ্রাপ্তির পর এসব কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্য রফতানির জন্য জাহাজে তুলতে এমনিতেই অনেক সময় চলে যায়। অন্যদিকে গোটা রফতানি প্রক্রিয়াকেই আরো প্রলম্বিত করে তোলে বন্দর থেকে আমদানীকৃত কাঁচামাল খালাসে বিলম্ব। এ বিলম্বের কারণে ব্যাপক বিড়ম্বনায় পড়তে হচ্ছে দেশের পোশাক খাতের রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে।

চলতি বছরের আগস্টে শতভাগ প্রিন্টেড পলিয়েস্টার কাপড় আমদানি করে গাজীপুরের বান্ডু ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা। এর চালান খালাসের সময় কাস্টমস কর্তৃপক্ষের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা আমদানি পণ্যবাহী গাড়ি আটক করে। পরবর্তী সময়ে শতভাগ কায়িক পরীক্ষা ও ল্যাবে রাসায়নিক পরীক্ষাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করে কাটিং তদারকি ও রফতানিকালে তদারকির শর্তে দেয়া অঙ্গীকারনামার ভিত্তিতে পণ্যগুলোর চালান খালাস করা হয়। সব মিলিয়ে শুধু আমদানি করা কাপড়ের চালান খালাসেই প্রতিষ্ঠানটির সময় লেগে যায় মোট ২৬ দিন। বান্ডু ফ্যাশন লিমিটেডের মতো পোশাক খাতের রফতানিমুখী অন্যান্য কারখানাকেও এখন এভাবে কাঁচামাল আমদানি করতে গিয়ে বিলম্ব বিড়ম্বনায় পড়তে হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে পাওয়া তথ্য বলছে, চালানভেদে এ ধরনের আমদানীকৃত পণ্য খালাস করতে পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোর সময় লেগে যাচ্ছে ১৫ দিন থেকে দেড় মাস।

চট্টগ্রামের ক্লিফটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের কেমিক্যাল ফিনিশিং এজেন্টের একটি চালান আমদানি হয় চলতি বছরের মার্চে। কম্পোজিট টেক্সটাইল মিলে ব্যবহূত পণ্যটি খালাসকালে জেটি কাস্টমস কর্তৃক র্যামন স্পেক্টোমিটারে পরীক্ষা করে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে রাসায়নিক পণ্যটি পোশাক শিল্পের কাপড় তৈরিতে ফিনিশিং এজেন্ট হিসেবে ব্যবহূত হবে কিনা, এ বিষয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার অথবা কেমিস্টের মতামত প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন ডেপুটি কমিশনার। পরবর্তী সময়ে কাস্টমস ল্যাবে কেমিক্যাল টেস্ট করা হয়। টেস্টের প্রতিবেদনে পণ্যে অসামঞ্জস্যের কথা বলে যথাযথ শুল্ক পরিশোধ করে খালাসের নির্দেশনা দেয়া হয়।

পরবর্তী সময়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে নিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় তথ্য-উপাত্ত উপস