সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা। আজ বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পরিদর্শনকালে তিনি মহড়ায় অংশ নেয়া সেনাবাহিনী ও আনসার-ভিডিপির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা মহড়ার কৌশলগত পরিকল্পনা, উদ্দেশ্য ও অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন।

মহাপরিচালক বলেন, এ ধরনের যৌথ মহড়া জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক আস্থা ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাবাহিনীর ১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া গত ৫ জুলাই শুরু হয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব ডিভিশনে একযোগে এ মহড়া চলবে।

মহড়ায় অংশগ্রহণের আগে আনসার সদস্যদের প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধকৌশল বিষয়ে তিন দিনব্যাপী অন-দ্য-জব প্রশিক্ষণ দেয়া হয়। এতে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশনের বাস্তবভিত্তিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল।

আনসার-ভিডিপি জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত 'পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন'-এর আলোকে জাতীয় প্রতিরক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বাহিনীর দাবি, এ অংশগ্রহণ আন্তঃবাহিনী সমন্বয় জোরদারের পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় আনসার-ভিডিপির সক্ষমতা ও কৌশলগত ভূমিকা আরো শক্তিশালী করবে।

পরিদর্শনকালে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গণীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।