চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই। একই সঙ্গে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও ৪০০ ছুঁইছুঁই। বিশেষজ্ঞরা বারবার ডেঙ্গুর এ ঊর্ধ্বমুখী পরিস্থিতির আগাম পূর্বাভাস দিয়ে সতর্ক করার পরও রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে ডেঙ্গু-সংক্রান্ত বিশেষ অভিযানগুলো। এছাড়া সংস্থা দুটি সিদ্ধান্ত নিয়েছে আপাতত প্রচার-প্রচারণা ও সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ রাখবে তাদের কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে, গতকাল নতুন করে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ২০০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৮২৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৯৪। বেশকিছু দিন পর ডেঙ্গুতে একদিনে কারো মৃত্যু হয়নি, যা স্বস্তি এনেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ স্বস্তি খুবই সাময়িক। চলতি ডিসেম্বরজুড়েই ডেঙ্গুর পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। জানুয়ারি বা ডিসেম্বরের শেষ দিক থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে ২০ হাজার ৮৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বরিশালের পরই ঢাকা বিভাগের অবস্থান। চলতি বছর ঢাকা বিভাগে ১৬ হাজার ৪৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হন। ঢাকার বিভাগের পরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অবস্থান। এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৬৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এলাকায় ১৩ হাজার ৭৯৬ জন।
মৃত্যু বেশি হয়েছে ঢাকা দক্ষিণে। এ এলাকায় চলতি বছর ১৮১ জন মারা গেছেন। ডিএসসিসির পরই ডিএনসিসির অবস্থান। এ এলাকায় চলতি বছর ৬৬ জন মারা গেছেন। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়লেও ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণ-সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান এক বছর ধরে বন্ধ। এ বিষয়ে দুই সিটির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মূলত ম্যাজিস্ট্রেট সংকটের কারণেই এক বছর ধরে ডেঙ্গুবিষয়ক ভ্রাম্যমাণ আদালত বন্ধ রয়েছে। পাশাপাশি অনেকটাই স্থবিরতা চলে এসেছে মশক নিধন কার্যক্রমেও। প্রশাসনিক সংকটের কারণে মশককর্মীদের সঠিকভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
এ নিয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. ইমরুল কায়েস চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘আমাদের এরিয়ায় যেসব ডেঙ্গু রোগী রেকর্ডভুক্ত হয়, তার বেশির ভাগই ঢাকার আশপাশের এলাকা থেকে আসে। তাছাড়া ডিএনসিসিতে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থাকার কারণে এখানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে বেশি আসবে এটাই বাস্তব। তবে ডিএনসিসি এলাকার মূল বাসিন্দা ডিএনসিসির বাইরের চেয়ে কমই।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমগুলো করে যাচ্ছি। ওষুধ ছিটানো হচ্ছে। লার্ভা নির্মূল করা হচ্ছে। কিন্তু বিশেষ অভিযান বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারছি না। আসলে আমাদের ম্যাজিস্ট্রেট সংখ্যাও সীমিত। যে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না।’
নগর বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত ব্যাপকভাবে করা হলে মিডিয়ায় আলোচনায় আসে। মানুষ দেখে। সচেতন হতে পারে। একেবারেই যদি ভ্রাম্যমাণ আদালত বন্ধ রাখা হয় তাহলে মানুষ ডেঙ্গুর বিষয়ে আরো বেশি অসচেতন হয়ে উঠবে।
এ প্রসঙ্গে কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বণিক বার্তাকে বলেন, ‘বেশির ভাগ রোগী ঢাকার বাইরের, এ অজুহাতে সিটি করপোরেশনগুলো তাদের বিশেষ কার্যক্রম বন্ধ রাখবে, সে সুযোগ নেই। একদিকে ডেঙ্গুর পিক সিজিন, অন্যদিকে করপোরেশনগুলো নির্বিকার, এটা সত্যিই দুঃখজনক। আমরা বারবার সচেতন করেছি, আগস্ট থেকে ডেঙ্গু ব্যাপক আকার ধারণ করবে। কিন্তু আমাদের কথা কেউ কানেই তুলছে না। সিটি করপোরেশন যে তাদের বিশেষ ভ্রাম্যমাণ আদালত বন্ধ রেখেছে এটা তারই প্রমাণ।’
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন বণিক বার্তাকে বলেন, ‘আমরা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের বলেছি তারা যেন সতর্কতামূলক অভিযান করেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালত বা জরিমানা আপাতত আমরা করছি না। আমাদের ম্যাজিস্ট্রেট সংকট এর বড় কারণ।’










