কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারে অবস্থানরত বাংলাদেশীদের ওই হামলার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৪ জুন) দোহার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কাতার প্রবাসীদের এ অনুরোধ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় কাতারে সংঘটিত উদ্ভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশী নাগরিক ও তাদের পরিবারবর্গকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী সময়ে কাতার সরকারের বিবৃতি অনুযায়ী পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে উদ্বিগ্ন না হয়ে সতর্কতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিকদেরকে কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে সোমবার সংঘটিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোনো ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
এছাড়াও, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এ সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কাতার সরকার কর্তৃক অনুমোদিত ছবি ও ভিডিও ছাড়া অন্য কোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় কাতারে বসবাসরত সব বাংলাদেশীদেরকে জরুরি প্রয়োজনে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের নিম্ন প্রদত্ত হটলাইন অথবা ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে (হটলাইন অথবা ইমেইল) যোগাযোগ
হটলাইন নম্বর:
+৯৭৪ ৩৩৬৬২০০০
অথবা ইমেইল:














