বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে ওটিসি লিংক নামের একটি তেলের জাহাজে (বার্জ) আগুনে দগ্ধ হয়ে ইঞ্জিনচালক মোহাম্মাদ আলী ওরফে লাল মিয়া নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন গ্রিজার মো. ইয়াছিন পাটোয়ারী। গতকাল বেলা ২টার দিকে পশুর নদীর মোংলা বন্দর এলাকায় মেঘনা ডিপোর জেটিতে নোঙর করা ওটিসি লিংক নামের ওই তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। আগুনে ইঞ্জিনচালক লাল মিয়া ও গ্রিজার ইয়াছিন দগ্ধ হন। বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইঞ্জিনচালক মোহাম্মাদ আলী ওরফে লাল মিয়া মারা যান। ইয়াছিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত ইয়াছিন ফেনীর ছাগলনাইয়া উপজেলার সুলতান আহমেদ পাটোয়ারীর ছেলে। তবে নিহতের ঠিকানা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফকর উদ্দিন বলেন, ওটি সি লিংক নামের ট্যাংকারটি মেঘনা ডিপোর জেটিতে ভেড়ার সময় আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইঞ্জিনচালক মোহাম্মাদ আলী ওরফে লাল মিয়া মারা যান। আহত ইয়াছিন পাটোয়ারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের তেলবাহী ওই জাহাজটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল।










