গতকাল বিকালে রমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব পরিকল্পনার কথা জানান।

দুলু বলেন, ‘‌উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু আইসিইউ শয্যা, জনবল ও প্রয়োজনীয় ওষুধের সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সরকার কাজ করছে। দুই মাসের মধ্যে হাসপাতালের আইসিইউ শয্যা ১০টি বাড়িয়ে মোট ২০টিতে উন্নীত করা হবে।’

তিনি জানান, অ্যানেসথেশিয়ার ওষুধের অভাবে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে এবং এতে রোগীর ঝুঁকি বাড়ছে। এ সংকট দূর করে নিয়মিত অস্ত্রোপচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। পাশাপাশি রোগীর স্বজনদের জন্য হাসপাতাল এলাকায় উপযুক্ত থাকার ব্যবস্থাও করা হবে।