মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কুড়িগ্রামে ১০০ জন সফল কৃষককে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গতকাল দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল অডিটোরিয়ামে কৃষকদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের পরিচালক ও বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, খামারবাড়ি, ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক, কৃষি সম্প্রসারণ বিভাগ রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জুরুল হক প্রমুখ।
এ সময় কৃষিতে ১০০ জন কৃষকের অবদানের জন্য ধরলা নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এছাড়া কৃষকদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, সার্টিফিকেট, গাছের চারা ও নতুন জাতের ধানবীজ হস্তান্তর করা হয়।
অবৈধ প্রিন্টিং বন্ধের দাবি: অবৈধ প্রিন্টিং বন্ধ করা, ছাপাখানা ও প্রকাশনা আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা এবং বৈধ প্রেসে যাবতীয় ছাপার কাজ করার দাবিতে কুড়িগ্রাম প্রেস মালিক সমিতি সংবাদ সম্মেলন করেছে। গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সম্মেলনে জেলা প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় লিখিত বক্তব্য তুলে ধরেন।









