রাজশাহী নগরীতে ডাকাতি করে নিয়ে যাওয়া ৩৪ লাখ ২৭ হাজার টাকার মধ্যে ২২ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা ফিরে পেলেন পান ব্যবসায়ীরা। গতকাল নিজ দপ্তরের সম্মেলন কক্ষে এ অর্থ পান ব্যবসায়ীদের হাতে তুলে দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) আবু কালাম সিদ্দিক। দুই দফা অভিযান চালিয়ে ডাকাতদের কাছে থেকে এ অর্থ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।

জানা গিয়েছে, ঢাকায় পান বিক্রির ৩৪ লাখ ৭২ হাজার টাকা সঙ্গে নিয়ে জেলার দুর্গাপুর এলাকার দাওকান্দি ফিরছিলেন পান বিক্রেতা সমিতির লোকজন। গত ২২ আগস্ট ভোরে নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনের সড়কে অ্যাম্বুলেন্স নিয়ে তাদের পথরোথ করে একদল সশস্ত্র ডাকাত। অস্ত্রের মুখে ডাকাতদল পুরো টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার মাত্র ৬ ঘণ্টার মাথায় ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লুটে নিয়ে যাওয়া ১৬ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা। ওই দিন ডাকাতিতে ব্যবহূত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।

এরপর ২৫ আগস্ট আরেক দফা অভিযান চালিয়ে ডাকাতির হোতা নূর আলম নূরুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই অভিযানে উদ্ধার হয়েছে আরো ৫ লাখ ৮৫ হাজার ১২৫ টাকা।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, এ মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেয়া ২২ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা। অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।