কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো জুনাইরা ও তাসলিমা আক্তার। তারা উপজেলার কাছিয়া পুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় শিশু দুটিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাজেদুর রহমান দুই বোনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।