পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, আগামী বর্ষার আগেই রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বরিশালের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গতকাল দুপুরে নগরীর রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমি যদি ভালো না হই, তাহলে আমাকেও আগামীতে সাপোর্ট দেবেন না। আমি যদি ভালো হই, তাহলে আমাকে সাপোর্ট দেবেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এক সভায় তিনি বলেন, রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন করে আর রূপাতলী এলাকা ভাঙতে দেয়া হবে না।

পরে প্রতিমন্ত্রী দক্ষিণ রূপাতলীর খান সড়ক এলাকায় এলাকাবাসী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক দুই সহসভাপতি মীর আমীন উদ্দিন মোহন ও আলমগীর হোসেন আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, ওয়ার্ড কাউন্সিলর আনিচ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।