কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের। এ নির্দেশনা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ রেখেছেন উত্তরের জেলা নওগাঁর শিক্ষা কর্মকর্তারা। গতকাল নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর পরও খোলা ছিল জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘জেলায় ভোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও সকাল ১০টার পর ১২ ডিগ্রির বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। তাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।’
পরিস্থিতি বিবেচনায় আজ জেলার প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩৭৪টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।
এদিকে গত এক সপ্তাহ ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মাঘের শীতে অধিকাংশ স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। পরিস্থিতি বিবেচনায় বুধবার ও বৃহস্পতিবার জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। এবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও ছুটি না হওয়ায় বেশ ক্ষুব্ধ শিশুদের অভিভাবক।
শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক বলেন, ‘আমার মেয়ে শীতে প্রায়ই সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে। কনকনে শীতে সকালে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। গতকাল পাশের রাজশাহী ও জয়পুরহাট জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির কম হওয়ায় স্কুল ছুটি ঘোষণা করেছে। সেই হিসাবে অবশ্যই নওগাঁয় স্কুল ছুটি রাখা উচিত ছিল। এখানে শিক্ষা কর্মকর্তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে।’
এ ব্যাপারে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল ঢাকায় অবস্থান করায় সকালে আবহাওয়ার পূর্বাভাসের খোঁজ নিতে পারিনি। পরে আমার অফিসের অন্য কর্মকর্তারা সকাল ১০টার পরে জেনেছেন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ততক্ষণে স্কুলে শিক্ষার্থীরা পৌঁছে গেছে। তাই ছুটি ঘোষণা করার সুযোগ হয়নি।’










