কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তের নাম বকুল (২৫)। তিনি মৃত আজিজল হকের ছেলে। রায় ঘোষণাকালে বকুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুলের সঙ্গে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার শাহিনা বেগমের (২০) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বকুল তার এক আত্মীয়ের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।

এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।