ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে হাইকোর্টের আদেশে এক মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (২৫ নভেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। ফলে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আপাতত চলাচল করতে পারবে বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।

এর আগে ১৯ নভেম্বর হাইকোর্টের দেয়া আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়।এ আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষ গতকাল রোববার আপিল বিভাগে আবেদনটি করে। এই আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।