হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি ও বিনা নোটিসে চাকরিচ্যুত না করার দাবিতে বিক্ষোভ করছেন গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেছেন। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশের মধ্যস্থতায় দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যান এবং কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এছাড়া বিনা নোটিসে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করারও দাবি জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করেনি।
আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আশপাশের কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের কারখানায় তা বাস্তবায়ন হয়নি। নানাভাবে আমাদের ঠকানো হচ্ছে। কথায় কথায় এখানে শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, কারখানার শ্রমিকরা সকাল ৯টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে।










