চাঁদাবাজির দুই মামলায় সাবেক খাদ্য মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসস।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সকালে কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। কামরাঙ্গীরচর থানার পৃথক দুই মামলায় তদন্ত কর্মকর্তারা ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই মামলায় ২ দিন করে মোট ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কামরুল ইসলামকে গ্রেফতার করে। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং রিমান্ডে নেয়া হয়।
চাঁদাবাজির প্রথম মামলাটি গত ৪ সেপ্টেম্বর সগীর আহমেদ সুজন নামে এক ব্যক্তি দায়ের করেন। মামলায় বলা হয়, আসামিরা বাদীর কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। ভয়ে বাদী ২০ লাখ টাকা দেন। বাকি টাকা না পেয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সকালে আসামিরা বাদীর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন।
অন্যদিকে, ৭ সেপ্টেম্বর ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী আলী আহম্মদ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২০ সালের ২ জুন আসামিরা বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীর বুকে পিস্তল ধরে মারধর করা হয়।










