গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে নিয়োগ কার্যক্রমে উত্থাপিত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান সাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সাম্প্রতিক সময়ে গোবিপ্রবির নিয়োগ কার্যক্রমে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মুহাম্মদ একরামুল হক।

কমিটির অন্য সদস্যরা হলেন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. গোলাম মোস্তফা, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া কমিটির সাচিবিক সহায়তায় থাকবেন একই বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

কমিটির টার্মস অব রেফারেন্স (ToR) অনুযায়ী, আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে পর্যবেক্ষণ ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন ইউজিসিতে দাখিল করতে হবে। তদন্তের স্বার্থে কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে কোনো নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অনুলিপি সংগ্রহ করতে পারবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেয়া হয়েছে কমিটিকে।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই ইউজিসি এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।