দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। ন্যায়বিচার ও সমতার পরিবেশ গড়ে তুলতে পারলেই একটি উন্নত সমাজ নির্মাণ সম্ভব। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

নরসিংদী: নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

গাইবান্ধা: সাঁওতাল নারীদের বর্ণাঢ্য অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা সভা।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সাতক্ষীরা: সাতক্ষীরায় আলোচনা সভা ও নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নারী দিবস উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

ঝিনাইদহ: শহরের কেন্দ্রীয় গোরস্তানের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধি এনএম শাহজালাল, এডাবের সভাপতি এনামুল কবির বাবলু, ওয়েলফেয়ার এফোর্ট (উই)-সের পরিচালক শরিফা খাতুনসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাগেরহাট: জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

ঝালকাঠি: মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক দিলারা খানমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ।