কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় হঠাৎ করে রেভিনিউ স্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে। এ স্ট্যাম্প সংগ্রহে উপজেলা ডাকঘর গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে টাকা উত্তোলন, বিল পরিশোধসহ বিভিন্ন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। ডাকঘর কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী রেভিনিউ স্ট্যাম্প না পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এফডিআরসহ মাসিক মুনাফাভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের পরিমাণ ৫০০ টাকার বেশি হলেই ১০ টাকা মূল্যের একটি রেভিনিউ স্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ বিল ৪০০ টাকার বেশি হলেও একটি করে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়। কিন্তু ভুরুঙ্গামারী উপজেলা ডাকঘরে কয়েক দিন ধরে চাহিদা অনুযায়ী রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।
সরেজমিনে দেখা গেছে, রেভিনিউ স্ট্যাম্প কিনতে আসা ব্যক্তিরা উপজেলা ডাকঘরে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চাহিদামতো স্ট্যাম্প না পেয়ে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, প্রতি মাসেই এ ডাকঘরে রেভিনিউ স্ট্যাম্প সংকট দেখা দেয়। এ কারণে টাকা উত্তোলন ও বিল পরিশোধে ভোগান্তি পোহাতে হয়।
রেভিনিউ স্ট্যাম্প তুলতে আসা ভুরুঙ্গামারী উপজেলা শহরের বাসিন্দা এমদাদুল হক মন্টু বলেন, আমার স্ত্রীর টাকা উত্তোলনের জন্য রেভিনিউ স্ট্যাম্পের দরকার পড়ে। কিন্তু উপজেলা ডাকঘরে এসে কোনো রেভিনিউ স্ট্যাম্প পাইনি। ফলে টাকার প্রয়োজন থাকলেও তুলতে পারিনি।
উপজেলা শহরের হাসিনা বেগম বলেন, সঞ্চয়ের টাকা তোলার জন্য রেভিনিউ স্ট্যাম্প কিনতে ডাকঘরে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি, স্ট্যাম্প নাকি শেষ হয়ে গেছে। তাই ফেরত আসতে হয়েছে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার আবু সাঈদ বলেন, এখানে বর্তমানে পর্যাপ্ত রেভিনিউ স্ট্যাম্প নেই। চাহিদাপত্র দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত তা আমরা পাব এবং সংকট কেটে যাবে।
ভুরুঙ্গামারীতে রেভিনিউ স্ট্যাম্প সংকট সম্পর্কে কুড়িগ্রাম জেলা প্রধান ডাকঘরে যোগাযোগ করা হলে জানানো হয়, জেলায় রেভিনিউ স্ট্যাম্পের সংকট নেই। ভুরুঙ্গামারী উপজেলা ডাকঘরে প্রতি মাসে ১০ টাকা মূল্যের ২০ হাজার টাকার রেভিনিউ স্ট্যাম্প পাঠানো হয়। তা আগে শেষ হয়ে গেলে চাহিদা মোতাবেক আবারো স্ট্যাম্প পাঠানো হয়।
কুড়িগ্রাম জেলা প্রধান ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার সুরভী শারমীন বলেন, আমাদের কাছে রেভিনিউ স্ট্যাম্পের কোনো সংকট নেই। ভুরুঙ্গামারী উপজেলা ডাকঘরের কোনো চাহিদাপত্র এখনো হাতে পাইনি। খোঁজ নিয়ে সেখানে স্ট্যাম্প









