‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে গৃহ নির্মাণের জন্য ৩ কোটি টাকার ঋণ দেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আগামী ডিসেম্বর পর্যন্ত এই ঋণ বিতরণ কার্যক্রম চলবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হলে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় প্রকল্পের ১০জন সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় প্রায় ৫৮ হাজার পরিবারের সদস্য অন্তর্ভূক্ত রয়েছে। তারা তাদের সঞ্চিত অর্থে গঠিত তহবিলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত রেখেছে।  

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এরই মধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। রাজশাহীতে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রাসিকের উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করতে পারবেন প্রশিক্ষণ প্রাপ্তরা।

মেয়র বলেন, রাজশাহী দেশের মধ্যে সেরা বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শহর হিসেবে রাজশাহী স্থান পাবে।

এলআইইউপিসিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডলের সভাপতিত্বে ও টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বনলতা ক্লাস্টারের নাসরিন, লাল গোলাপ ক্লাস্টারের রোকাইয়া, সিএইচডিএফ সভাপতি সামিয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা পারভীন, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন প্রমুখ।