বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দুদেশের বাণিজ্য সম্পর্ককে আরো ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করতে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্য রফতানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা জানান তিনি।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার দূতাবাসের ওয়াহিউ রিয়াদি, রবি ফিরলি হারখা ও সাপতো রুদিয়ান্তো এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।