বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিনচালিত বোট থেকে ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্টসহ ২৩ জন চোরাকারবারীকে আটক করেছে নৌবাহিনী। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তার আশেপাশের এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী। এ সময় নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। বোট দুটিকে তল্লাশির জন্য থামার সংকেত দিলে, তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামে বোট দুটি আটক করা হয়। সেগুলোয় তল্লাশি করে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশী ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারী দলের ২৩ সদস্যকেও আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পরে জব্দ করা মালামাল ও আটকদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।










