কুষ্টিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুজন এবং ফেনীতে বাসচাপায় এক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুষ্টিয়া: বাসচাপায় নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মিজানুর রহমান (২৭) নামে আরো একজন। গতকাল সকাল ৮টার দিকে কুষ্টিয়ায় সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন ইসলাম ও রনি ইসলাম সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন। গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে আসছিলেন। পথে বটতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি মারা যান। এ ঘটনায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে আমির হোসেন মারা যান। ট্রাকচালক আকাশ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান জানান, আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক আকাশ ঢাকায় নেয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ফেনী: ফুলগাজীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানের ঢুকে পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে তাসিন উদ্দিন (১৫) এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন বাসের চার যাত্রী। তাসিন ফুলগাজী উপজেলার মধ্যম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। গতকাল সকালে ফেনী-পরশুরাম সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।