লক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই কালাম নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন, নাইম ও আবুল হোসেন। আহত আরেকজনের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ৩ জন। এসময় ঘটনাস্থলে মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।