বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রচিত চারটি ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো রচিত একটিসহ মোট পাঁচটি গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বইগুলোকে জাতি ও সমাজের ঐতিহাসিক সংগ্রাম ও পরিবর্তনের প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেন।
বইগুলো হলো ‘পূর্ব-বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন’; ‘দুঃসময়ের কথাচিত্র’; ‘আমার জীবন, আমার সংগ্রাম’; ‘বঙ্গভঙ্গ, তৎপরবর্তী সমাজ ও রাজনীতি’ এবং উম্মে সালমা আলোর ‘জয়নগরের আলো, এক নারীর সংগ্রাম ও জীবন’।
ড. মাহবুব উল্লাহ তার নিজের ও প্রয়াত সহধর্মিণীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন এবং তার জন্মদিনের অনুষ্ঠানে বলেন, ‘আমার লেখা এবং আমার সহধর্মিণীর লেখা বইগুলো সম্পর্কে যে সমৃদ্ধ আলোচনা আপনারা করেছেন, তার তুলনা হয় না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাই, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার সুস্থ জীবনের কামনা করবেন। আজ আমার ৮১তম জন্মদিন ও ৮০তম জন্মবার্ষিকী। জীবনের একটা দীর্ঘ পর্যায় পার হয়ে এসেছি। অনেক কিছু দেখেছি; বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছুই দেখতে পাব। আমার আকাঙ্ক্ষা, সে দেখাটা যেন আনন্দের হয়, সুখের হয়।’
তিনি বলেন, ‘এ দেশের মানুষ সুদিন দেখার জন্য, ভালো সময় দেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক রক্ত দিয়েছে। বিভিন্ন শাসকের আমলে লড়াই করে, সংগ্রাম করে অনেক আত্মত্যাগ করেছে—শুধু একটা ভালো দিন দেখার আশায়। সামনের দিনগুলোয় যাতে সব ধরনের অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা ইত্যাদি থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেটাই হোক আজকের আমাদের অঙ্গীকার।’
অতিথিদের নিয়ে তিনি বলেন, ‘আজ এখানে অনেক গুণীজন এসেছেন। অনেকে কথা বলতে পারেননি, তার মধ্যে আমি বিশেষ করে বলব অধ্যাপক স্বপন আদনানের কথা, যিনি লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এখানে উপস্থিত আছেন গোলাম রহমান, আমরা একসঙ্গে জিলা স্কুলে পড়েছি, পরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আরো অনেকেই এসেছেন। যারা এখানে উপস্থিত হয়ে আলোচনা করেছেন, তাদের অশেষ ধন্যবাদ। যারা উপস্থিত হতে পারেননি, তাদেরও ধন্যবাদ। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন কিছু বলার জন্য, কিন্তু অনুষ্ঠান দীর্ঘায়িত হওয়ার কারণে বলতে পারেননি। আমি আবারো বলব আমরা একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সুখী-সমৃদ্ধিশালী গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ দেখতে চাই। সেটাই আজ আমার জন্মদিন ও বই প্রকাশ অনুষ্ঠানে আমার তরফ থেকে আকুল আকাঙ্ক্ষা।’
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ড. মাহবুব উল্লাহর বইগুলো ইতিহাসের একেকটি প্রামাণ্য দলিল। আমরা সমবয়সী এবং একই সময়ে বেড়ে উঠেছি। ফলে তাকে খুব সহজেই রিলেট করতে পারি। সে সময় মানুষের মধ্যে সহমর্মিতা ছিল, শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ছিল। সম্মানিত কেউ বাসায় এলে সম্মান দেখানোর জন্য হুড়োহুড়ি পড়ে যেত। আর আজ আমরা প্রাথমিক বিদ্যালয়ের কী অবস্থা দেখছি।’
তিনি বলেন, ‘ড. মাহবুব উল্লাহর জীবন সংগ্রাম কেবল তার একার নয়, এটি জনগণের সংগ্রাম। এটা এ জনপদের মানুষের সংগ্রাম এবং এ জনপদের মুক্তির সংগ্রাম। তার লেখা বইতে তিনি পরিষ্কার করে গেছেন যে ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার সংগ্রাম, সেটা এখনো অধরা রয়ে গেছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রকাশনা উৎসবকে পণ্ডিত ব্যক্তিদের মহাসমাবেশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ড. মাহবুব উল্লাহর জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কলেজ জীবন থেকেই আমাদের পরিচয় এবং পরে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।’ ড. মাহবুব উল্লাহর জীবন সংগ্রাম সম্পর্কে বলতে গিয়ে তার সহধর্মিণীর ‘জয়নগরের আলো’ বইটির প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বইটি পড়লে বোঝা যাবে যে কী ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এ নারী ও মাহবুব ভাইয়ের জীবন কেটেছে। তাদের তিন কন্যাও এ সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন।’
মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, ‘জাতি এ গুণী মানুষটিকে সঠিক মূল্যায়ন করতে পারেনি। তিনি কেবল দেশের কথা, মানুষের কথা লিখে গেছেন। তিনি কৃষক-শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেয়ার কথা বলে গেছেন। ব্যক্তিগত পাওয়া-না-পাওয়ার বিষয় তিনি তার বইয়ে লেখেননি। আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি ড. মাহবুব উল্লাহ।’
তিনি আরো বলেন, ‘বিএনপির সঙ্গে তার (ড. মাহবুব উল্লাহ) সম্পর্ক আছে, সে সম্পর্ক অস্বীকার করলে সত্যটাকেই অস্বীকার করতে হয়। খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন, তখনই তাকে ডেকে পাঠাতেন। ২০১৮ সালে যখন ফ্রন্ট তৈরি হলো এবং যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন শুরু হলো, তখন অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন ড. মাহবুব উল্লাহ। এ দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে, বৈষম্যবিরোধী অর্থনীতিতে পরিণত করতে, সাধারণ মানুষের অধিকারগুলো পৌঁছে দিতে, তাদের ভোটের অধিকার পৌঁছে দিতে, একটি গণতান্ত্রিক, আধিপত্যবাদবিরোধী এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতিতে পরিণত করতে মাহবুব উল্লাহ অনবদ্য ভূমিকা রেখেছেন এবং সামনের সারিতে থেকেছেন। জন্মদিনে ড. মাহবুব উল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তিনি তার পাণ্ডিত্য দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে সহায়তা করবেন।’
ড. মাহবুব উল্লাহর মেয়ে নায়লা তাহসিনা মাহবুব বলেন, ‘আমার আম্মার লেখা বইটিতে তার জীবনের পেছনের ৬০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার কথা লেখা আছে। আম্মা কখনো ভাবেননি যে এটি একটি বই হবে। বইয়ের কথা চিন্তা করে তিনি লেখেননি। আমার মায়ের মৃত্যুর পর বাবা এটিকে প্রকাশ করার উদ্যোগ নেন। এ বই প্রকাশের পেছনের সব পরিশ্রম, চেষ্টা ও অবদান আমার বাবার।’
দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, অধ্যাপক আহমদ কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক নিলুফার সুলতানা প্রমুখ।










