পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। এখনো অনেকেই ঢাকা ছাড়ছেন। ফলে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান প্রধান অধিকাংশ সড়কে। অলিগলিতেও গাড়ির চলাচল কম। এর ফলে ঝামেলা ছাড়াই লোকজন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। তবে সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম। রোববার (৩০ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

দুপুর দেড়টায় রাজধানীর ব্যস্ততম স্থান কারওয়ান বাজার মোড়ে সরেজমিন দেখা যায়, রাস্তায় সীমিত পরিসরে যান চলাচল হচ্ছে। গাড়ি সংখ্যা খুবই কম। মূল সড়কে রিকশা চলছে। গাড়ির চাপ না থাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা পুলিশ বক্সের মধ্যে থেকেই দায়িত্ব পালন করছেন।

কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মুস্তফা জানান, সকাল থেকে রাস্তায় গাড়ি চাপ নেই বললেই চলে। আমরা বসে বসে সময় পার করছি। তবে বিকাল বা সন্ধ্যার পর রাস্তায় গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

শনিবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর কয়েকটি মহাসড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে। আর যারা গতকাল ঢাকা ছাড়তে পারেননি বিভিন্ন বাস টার্মিনালে তাদের আজ ঢাকা ছাড়তে দেখা গেছে।

রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সেই হিসেবে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হতে পারে।