গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিটের অধীনে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ পরীক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন। 

জিএসটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল দুপুর ১২টা-১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া মানবিক বিভাগ থেকে আবেদনকৃত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মে এবং বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ মে বেলা ১১টা-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলসহ অন্যান্য তথ্য (gstadmission.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।