কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ফেরত এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ হচ্ছে না আজ। বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলন অসুস্থ থাকায় আজ বুধবার (৩১ জুলাই) শুনানি ও আদেশ না হওয়ার খবর জানা গেছে।


সংশিষ্ট আদালতের বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেন বলে নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর।


আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি শেষে হয়েছে আজ বুধবার (৩১ জুলাই) ফের শুনানি ও আদেশের দিন ধার্য করেছিলেন বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ।


এর আগে সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।


আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের যেসব স্বজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির নির্দেশনা চেয়েও আর্জি জানানো হয়।


রিটে আন্দোলনকারীদের ওপর যাতে গুলি না চালানো হয় এবং যে ছয় সমন্বয়ককে আটকে রাখা হয়েছে, তাদের তখনই ছেড়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছিল।