লন্ডন যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত ৮টায় স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনের গুলশানের বাসভবনে দেখা করতে যাবেন।

দলীয় সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দেশে ফেরার পথে ওমরাহ পালন করার সম্ভাবনাও রয়েছে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সফরের জন্য একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সফরসঙ্গী হিসেবে অন্তত ১৬ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।