শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে ক্যম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব হিসেবে সব কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের যাতে কোনো আন্দোলনে যেতে না হয়, সেজন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া। আমরা চবি ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। চারুকলার পরবর্তী একাডেমিক কমিটির মিটিংয়ে আমরা থাকব।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ৩১ মার্চের মধ্যে চবির নতুন কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে পুনরায় স্থানান্তর করব। তোমরা আমাদের সময় দাও। সর্বোচ্চ ১ এপ্রিলের মধ্যে তোমাদের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসব।’

উল্লেখ্য, ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম নগরীতে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় চারুকলাকে চবি ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে আসছিলেন।