যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সভাপতির সামনে লুঙ্গি পরিহিত অবস্থায় চলাচল ও সালাম না দেয়ায় তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের পর ওই শিক্ষার্থী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হলের ৩০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের শিকার মো. মাঞ্জুরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ছাত্রাবাসে কোনো শিক্ষার্থীকে মারধর করা হয়নি দাবি করে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘রাতে কিছু ছেলে আমার রুমের সামনে জুনিয়রদের সঙ্গে তর্ক করলে তাদের বুঝিয়ে যার যার কক্ষে পাঠিয়ে দেয়া হয়। কাউকে মারধর করা হয়নি। আর যারা বিশৃঙ্খলা করছিল তারা ছাত্রলীগের কোনো পদধারী নেতা নয়। ক্যাম্পাস রাজনীতির গ্রুপিংয়ের বলি হয়ে আমাকে দোষারাপ করা হচ্ছে।’
এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. তানভীর ইসলাম বলেন, ‘এ বিষয়ে শনিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি।’










