ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে সহযোগী আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মামলায় শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে আসামি করা হয়েছে।
এছাড়া রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- এ মামলাগুলো দায়ের করে।
শেখ রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ববির ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তীসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এ বরাদ্দের তালিকায় শেখ হাসিনা ছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।
বরাদ্দ করা প্লটগুলো পূর্বাচল নতুন শহরের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনে সড়ক নম্বর ২০৩-এ অবস্থিত। বরাদ্দের মধ্যে রয়েছে ১০ কাঠার তিনটি প্লটসহ মোট ৩০ কাঠা জমি।
এর আগে রোববার (১২ জানুয়ারি) একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।










