হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়া রাজধানীর উত্তরখানে নিজ বাসায় খুন হয়েছেন। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে রাজধানীর উত্তরখান থানাধীন নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পাওয়ার পর সোমবার বিকালে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে উত্তরখান ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে বিকালের দিকে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, গত ছয় মাস যাবত তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই একদিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এসআই আরো জানান, নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন। বিস্তারিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।