প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে। রোববার (২১ মে) দিবাগত মধ্যরাতে জেলার পুঠিয়া থানায় এই মামলা হয়। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলাটির বাদী উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টার পর মামলাটি রেকর্ড হয়েছে। এরপর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিনি পলাতক আছেন।

মামলার বাদী আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কেউই মেনে নিতে পারে না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। আমরা অবিলম্বের তার গ্রেফতার চাই।’

সোমবার (২২ মে) বিকেলে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ যে কথাটি বলেছেন, সেটি বিচ্ছিন্ন কথা নয়। সেটা তারেক জিয়ার কথা। সেটা লন্ডন থেকে এসে চাঁদের মাথায় ঢুকেছে। এর পরিণতি কতটা ভয়ানক হবে, সে এখনো ভাবতে পারছে না।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক-এটি আমরা চাই। ইতোমধ্যে মামলা হয়েছে। আরো মামলা হবে। শুধু মামলা দিয়ে নয়, রাজশাহী শহরে এলেই তাকে গণধোলাই দেওয়া হবে।

এর আগে ১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি। তাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন,  ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’