ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে জিম (১৩) ও সাব্বির হোসেন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে।

মহেশপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার জানান, আজ দুপুরে জিম ও সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা একটি ডিঙ্গি নৌকায় চড়তে যায়। এসময় নৌকাটি তাদের শরীরের ওপর উল্টে পড়ে। সঙ্গে থাকা আরেকজন শিশু বাড়িতে এসে তাদের আত্মীয় স্বজনকে জানায়। তারা কপোতাক্ষ নদে শিশুদের খোঁজ করতে থাকে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে জিম ও সাব্বিরের মরদেহ একটি ডিঙ্গি নৌকার নিচে থেকে উদ্ধার করা হয়। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কিভাবে শিশু দুইটির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।