কোপা আমেরিকায় আগের ৪৬ আসরে সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতে সবচেয়ে সফল দল উরুগুয়ে। ১৪টি শিরোপা জিতে তাদের পরই আর্জেন্টিনা। মহাদেশীয় এ আসরের দুই সফলতম দল চলতি আসরে মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় মাঠে গড়াবে ‘এ’ গ্রুপের এই রোমাঞ্চকর দ্বৈরথ। তার আগে আজ ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের স্বাগতিক ও বর্তমান শিরোপাধারী ব্রাজিল। নেইমারদের প্রতিপক্ষ আজ পেরু।
আর্জেন্টিনা ১৪টি শিরোপা জিতে কোপা আমেরিকায় দ্বিতীয় সেরা দল হলেও ২৮ বছর ধরে শিরোপাহীন তারা। ১৯৯৩ সালের ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে ভর করে মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। এরপর আর শিরোপা উৎসব হয়নি বুয়েন্স আয়ার্সে। ১৯৯৩ সালের পর আর্জেন্টিনা অবশ্য বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়। ২০০৪ ও ২০০৭ আসরের ফাইনালে তারা পরাজিত হয় ব্রাজিলের কাছে। ২০০৪ সালে টাইব্রেকারে আর ২০০৭ সালে ৩-০ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় চিলির কাছে ও দুবারই টাইব্রেকারে।
২০১১ সালে সর্বশেষ আর্জেন্টিনার মাটিতে কোপার আসর বসে। সেবার উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয় আর্জেন্টিনা এবং পরিশেষে উরুগুয়েই শিরোপা জিতে নেয়। পুরনো ‘শত্রু’ উরুগুয়ের বাধা উতরানোর চ্যালেঞ্জ আজ লিওনেল মেসি, সার্জিও আগুয়েরাদের সামনে। প্রথম ম্যাচে চিলির সঙ্গে ড্র করায় কাল উরুগুয়ে ম্যাচে জিততে মরিয়া হয়ে খেলবে আলবিসেলেস্তেরা। এ মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের লা লিগা শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া লুইস সুয়ারেজ আতঙ্ক ছড়াতে পারেন আর্জেন্টিনার রক্ষণে। ম্যানইউ তারকা এডিনসন কাভানিও রয়েছেন দারুণ ফর্মে।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়া প্রত্যেকেই একটি করে ম্যাচ খেললেও উরুগুয়ে কালই প্রথম মাঠে নামছে।










