উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া। উপদেষ্টা পরিষদে ওঠার আগেই পুলিশ কমিশন অধ্যাদেশ ও এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে আপত্তি তোলে বিএনপি। তবে বৃহস্পতিবারের সভায় অধ্যাদেশটি উঠলে উপদেষ্টা পরিষদ তাতে সায় দেয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।
ভোটের আগে তাড়াহুড়া করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে দুটি আইন করার অভিযোগ উঠেছিল, পুলিশ কমিশন অধ্যাদেশ তার একটি। আপত্তি ওঠা আরেকটি অধ্যাদেশ এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত, যেটির খসড়া অনুমোদন পায় ২৯ নভেম্বরের বৈঠকে। সেদিনের বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়াও উঠেছিল, কিন্তু অনুমোদন না দিয়ে আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরের সভায় উত্থাপনের নির্দেশ দেয় উপদেষ্টা পরিষদ।
বিএনপি মনে করে, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের আইন করার পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ২৮ নভেম্বর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়া করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের আগে এ ধরনের আইন পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে নির্বাচনি আইন ও বিধিতে আরেক দফা সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পাস হয়েছে। এ সংশোধনের ফলে পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে এসব কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও ছিলেন।










