সমস্যা সমাধানের আশ্বাসে ২২ ঘণ্টা পর মুক্ত হয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দু শেখর গায়েন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি মুক্ত হন। বুধবার বেলা ২টা থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তবে সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে কয়েক দিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। বিষয়টি জানতে বুধবার দুপুরে ডা. শুখেন্দু শেখর গায়েন কলেজে এলে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। ২০ জুন ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের ত্রিপক্ষীয় আলোচনার আশ্বাস দিলে তাকে অবরুদ্ধ দশা থেকে মুক্তি দেন শিক্ষার্থীরা।

মুক্ত হওয়ার পর ডা. শুখেন্দু শেখর গায়েন বলেন, শিক্ষার্থীরা যে দাবি করছে তা যৌক্তিক। আমি খুলনায় গিয়ে ডিজি মহোদয়কে লিখিতভাবে জানাব। সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।

উল্লেখ্য, ডিভিএম ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সায়েন্স এবং এএইচ ডিগ্রি প্রদান করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।