নভেল করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক রোগী মারা গেছেন। এছাড়া রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন আফসার আলী (৭৫) নামের আরেক রোগী।

গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এদুজন মারা যান। এদের মধ্যে ইসলাম উদ্দিন বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা। দুইদিন আগে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে আরটিপিসিআর পরীক্ষায় তার দেহে সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়।

অন্যদিকে, আফসার আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে একদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে গত শুক্রবার সকাল ৯টা থেকে গতকাল রোববার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে মারা যান আরো ছয়জন ব্যক্তি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে। পরিচালক আরো জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে আজ সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা শনাক্ত নিয়ে ভর্তি রয়েছেন তিনজন। এছাড়া রোগটির উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো পাঁচজন। এছাড়া ভর্তি অন্য তিনজনের নেগেটিভ ফলাফল এসেছে। গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন আরো একজন।

এর আগে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আটজন। জেলায় এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ শতাংশ।