কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সব সময় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
বিএনপির সময় রাজনৈতিক বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকে কখনো কোনো নিয়োগ দেয়া হয়নি দাবি করে আমীর খসরু বলেন, আমরা অর্থনীতিতে বড় ধরনের সংস্কার করেছিলাম। তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে আইনি কাঠামো ও নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশ চামড়া ও জুতা শিল্প রপ্তানিকারক সমিতির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাশরুর রিয়াজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল এবং পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদী সাত্তার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।










