মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন করা সম্ভব নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ওষুধ বা ভিটামিন খেয়ে জীবন চলে না। মায়ের দুধ একটি প্রাকৃতিক পুষ্টি যা শিশুর শরীর গঠন করে। এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ। কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে বর্তমানে অনেক মা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী আরো বলেন, গ্রামীণ নারীরা এখনো ২ বছর বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ান। কিন্তু শহুরে ও শিক্ষিত মায়েদের মধ্যে এ প্রবণতা কমছে। তিনি পরামর্শ দেন, জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ এবং এরপর ২ বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দেয়া উচিত। পুষ্টিকর্মীদের ঘরে ঘরে গিয়ে এ বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

সবকিছু ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষকে আলোচনার মাধ্যমে সচেতন করতে হবে। পুষ্টি মানে শুধু শরীর নয় বরং এটি মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধির শক্তি।

দেশে সাম্প্রতিক হাম পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির কারণে শিশুদের মধ্যে রোগের জটিলতা বাড়ছে। তাই সঠিক পুষ্টি ও মায়ের দুধ নিশ্চিত করা জরুরি। তিনি আরো বলেন, পুষ্টির বার্তাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিশুদের ফাস্টফুড কমিয়ে শাকসবজি ও মাছ-মাংসসহ সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।