রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত যৌথ ফিটনেস ও সৌহার্দ্য বৃদ্ধি কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন দূতাবাসের মেরিন সদস্যরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্টের এ অনুশীলন দুই বাহিনীর সদস্যদের দলগত দক্ষতা, আস্থা ও প্রস্তুতিকে আরো সুদৃঢ় করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের একজন প্রতিনিধি বলেন, এ কার্যক্রম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন। সম্মিলিত প্রশিক্ষণ দুই দেশের বাহিনীর সদস্যদের পারস্পরিক আস্থা ও দলগত সমন্বয়কে আরো মজবুত করে, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের যৌথ অঙ্গীকারকে এগিয়ে নেয়।
যুক্তরাষ্ট্র–বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়— যার মধ্যে রয়েছে যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং পেশাগত সামরিক শিক্ষা। যুক্তরাষ্ট্র দূতাবাস দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও বন্ধন আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।










