দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স দলের অনুশীলন শুরু হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে টেস্ট অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে অনুশীলন করেন ২৩ সদস্যের ক্রিকেটার। অনুশীলন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যে দলে থাকবেন টাইগার্স দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

গতকাল সংবাদ সম্মেলনে স্কিল ক্যাম্প নিয়ে বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে সম্ভাব্য টেস্ট দলের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ১১ মার্চ জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। এ সফরে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বগুড়ায় এ অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। বগুড়ার পিচে বাউন্সি ভালো আছে। বাউন্সি পিচে অনুশীলন করলে দক্ষিণ আফ্রিকায় ভালো সুবিধা পাওয়া যাবে। এ পিচে ২০০৬ সালে শ্রীলংকাকে হারাতে পেরেছিলাম আমরা। মূলত প্রোগ্রামের মূল মনোযোগ থাকবে দক্ষিণ আফ্রিকা সফর। ওই সিরিজের জন্যই বগুড়া স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে বগুড়ার পিচকে ওই কন্ডিশনের মতো তৈরি করা হয়েছে। ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ক্যাম্পের হেড কোচ হিসেবে কাজ করছেন মিজানুর রহমান বাবুল।

বাংলাদেশ টাইগার্স দল: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।