বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় আরাফাত হোসেন রকি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের আধারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকি শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের জৈয়ন্তীবাড়ি গ্রামের জামাল বাদশার ছেলে। তিনি চলতি মাসের ৫ তারিখ বগুড়া শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিয়েছিলেন।

রকির স্বজনরা জানান, উচ্চ মাধ্যমিক পাস করার পর সম্প্রতি তিনি বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করতেন। বৃহস্পতিবার সকালেও কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের আধারঘাট এলাকায় একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রকি মারা যান।

বগুড়ার শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে একটি বাস পেছন থেকে রকির মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরিবারের সদস্যরা রকির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।