মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় একটি ফ্ল্যাট থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত, পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।
বাড়ির মালিক কিতাব উদ্দিন জানান, গত আগস্ট মাসে গাজীপুরে কর্মরত পুলিশ সদস্য মো. মাসুদ রানা ফ্ল্যাটটি ভাড়া নেন। সেখানে দুই সন্তান নিয়ে তার স্ত্রী বিলকিস আক্তার বাস করেন । আজ শনিবার সকাল আটটার দিকে মাসুদ রানার সন্তানদের কান্নার শব্দ পান প্রতিবেশিরা। পরে ঘরে ঢুকে বিলকিসের মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ কনস্টেবল মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামে। আর নিহত বিলকিস আক্তারের বাড়ি একই জেলার ঘিওর উপজেলায়।









