মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় আজ বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। সেখান থেকে তাকে হোটেল শাংগ্রি-লায় নিয়ে যাওয়া হয়। এখানে তিনি দুদিন অবস্থান করবেন। এরপর চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন প্রধানমন্ত্রী। এ সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশ নেবেন তিনি।
সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।










